• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৩:৪৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪৯

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আজ ২১ নভেম্বর শনিবার সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে প্রথমে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতির পর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

আরও পড়ুন

জননিরাপত্তা নিশ্চিতে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ২১ নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান শুরু করে। মুক্তিযুদ্ধে এই সমন্বিত সামরিক অভিযানের তাৎপর্য স্মরণে স্বাধীনতার পর থেকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আরও পড়ুন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ