নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও সক্রিয় হতে যাচ্ছে একটি শক্তিশালী বর্ষাকালীন বৃষ্টিবলয়। আগামী ১৮ জুন থেকে শুরু হয়ে প্রায় ১২ দিন পর্যন্ত এটি সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
১৩ জুন শনিবার বিডব্লিউওটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় ১৮ থেকে ১৯ জুনের মধ্যে দেশে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত এটি ধাপে ধাপে কার্যকর থাকতে পারে।
সংস্থাটি জানিয়েছে, বৃষ্টিবলয়ের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, এটি বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায় এর সঙ্গে ঝড় ও বজ্রপাতের প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে। তবে স্বাভাবিক দমকা হাওয়া এবং বায়ুপ্রবাহের এলোমেলো অবস্থানের কারণে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত ঘটতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য এলাকায় তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available