জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
১৩ জুন শনিবার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন একা বসবাসকারী বৃদ্ধা শামসুন্নাহার বেগম। মিলাদ শেষে মধ্যরাতে তিনি নিজের ঘরে ঘুমাতে যান।
শনিবার সকালে দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে তারা ঘরে প্রবেশ করে দেখতে পান, বৃদ্ধার হাতে বিদ্যুতের তার জড়ানো রয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হলে স্থানীয়রা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই বৃদ্ধা মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available