হাবিব খান: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর দেশটির গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার কারণে এ সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর চারদিনের সরকারি সফরে টোকিও পৌঁছান।
বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত হওয়া সংবাদ নিম্নে তুলে ধরা হলো:
1. আসাহি শিম্বুন (Asahi Shimbun): তারেক রহমানের জাপান সফর ঘিরে বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের প্রত্যাশা
2. মাইনিচি শিম্বুন (Mainichi Shimbun): জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতা
3. নিকেই (Nikkei / Nihon Keizai Shimbun): বাংলাদেশে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা, আলোচনায় তারেক রহমানের জাপান সফর
4. সানকেই শিম্বুন (Sankei Shimbun): বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্বে নতুন দিগন্ত, আলোচনায় তারেক রহমানের সফর
5. দ্য জাপান টাইমস (The Japan Times): জাপান সফরে তারেক রহমান, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের উদ্যোগ
জাপানের সংবাদমাধ্যম নিকেইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি ডলারের বিনিয়োগের ব্যবস্থা করতে পারে জাপান। সম্ভাব্য এ বিনিয়োগের আওতায় গাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প খাত ও জ্বালানি অবকাঠামো নির্মাণের বিষয় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জাপানের অংশীদারত্বে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
এ সফরে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার পাশাপাশি দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জাপান। দেশটি বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে জাপানের গণমাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available