ডেস্ক রিপোর্ট: দেশের কালচারাল ট্যুরিজমকে এগিয়ে নিতে ‘জয়েন্ট টাস্কফোর্স ফর কালচারাল ট্যুরিজম’ গঠন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২৪ আগস্ট সোমবার সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের উন্নয়ন’ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প, যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২-৩ শতাংশ। এই অবদান ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, আজকের সভায় প্রাথমিকভাবে একসঙ্গে কাজ করার লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি Memorandum of Understanding (MOU) সই করার সিদ্ধান্ত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ শুরু হবে।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ‘নজরুল বর্ষ’-এর প্রচারণার প্রস্তাব দেন। এ সময় পর্যটনমন্ত্রী বলেন, নজরুল বর্ষ উপলক্ষে প্রয়োজনীয় প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হবে।
সভাপতির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের দেশীয় ঐতিহ্য হাজার বছরের পুরোনো। এই ঐতিহ্য সংরক্ষণ করে তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় বর্তমান সরকার। দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোকে পর্যটন থিমকে লক্ষ্য রেখে উন্নয়ন করা হবে।
তিনি বলেন, দেশে ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের টাস্কফোর্স পরিদর্শন করবে। পরিদর্শনের পর এসব স্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসিসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available