• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২৭:৫৪ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ জুন ২০২৬ দুপুর ০১:১০:৪৪

বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

২০ জুন শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
তিনি বলেন, দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্রসহ প্রয়োজনীয় দলিলপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ) এর মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে, প্রক্রিয়া অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে, বাকিগুলো তদন্তাধীন। আগামী দিনে এ বিষয়ে অগ্রগতি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইন্টারপোলের রেড নোটিশ জারির পর ১২ জুন দুবাইয়ে তাকে আটক করা হয় বলে জানা যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে থাকা মামলার এজাহার, অভিযোগপত্রসহ সব নথি পাঠিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ।

সরকারি সূত্রে আরও জানা গেছে, আদালতের নির্দেশে তার বিপুল সম্পদ ইতোমধ্যে জব্দ ও সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের ভেতরে জমি, ফ্ল্যাট ও রিসোর্ট, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে থাকা সম্পদও।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের আদালতই প্রত্যর্পণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং পুলিশ বাহিনীকেও জবাবদিহির আওতায় আনা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us