স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি খেলোয়াড়, কোচ ও সংগঠক আবদুস সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দূরারোগ্য ক্যানসারের সঙ্গে প্রায় দেড় বছরের লড়াই শেষে আজ ২০ জুন শনিবার সকাল ৮টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজা শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আবদুস সাদেক অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের খেলোয়াড় ছিলেন। ফুটবল ও ক্রিকেটেও তার দক্ষতা ছিল। স্বাধীনতার পর তিনি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের (ঢাকা আবাহনী লিমিটেড) প্রথম ফুটবল ও হকি অধিনায়কের দায়িত্ব পালন করেন।
ক্রীড়া সংগঠক ও কোচ হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কঠিন সময়ে আবাহনীকে সংগঠিত করে মাঠে ফিরিয়ে আনতে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তার নেতৃত্বে হকিতে আবাহনী একাধিকবার শিরোপা জিতেছে এবং ফুটবলেও ইতিহাস গড়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।
১৯৯৬ সালে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।
সংগঠক হিসেবেও আবদুস সাদেক ছিলেন অত্যন্ত প্রভাবশালী। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার উদ্যোগে ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকি আয়োজন সম্ভব হয়। পরবর্তীতে ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকি আয়োজনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালের এশিয়ান গেমসে নেতৃত্ব দেন।
ক্রীড়াঙ্গনে তার দীর্ঘ অবদান, নেতৃত্ব ও সংগঠক হিসেবে ভূমিকার কারণে আবদুস সাদেককে দেশের ক্রীড়া ইতিহাসের এক অনন্য কিংবদন্তি হিসেবে স্মরণ করা হচ্ছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available