অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী জলবায়ু তহবিলে অনুদান হ্রাসের প্রবণতা চলমান থাকলেও কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এ তথ্য জানিয়েছেন। এর পাশাপাশি আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
২২ নভেম্বর রোববার ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ড. সাইমুম পারভেজ জানান, সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ এবং ৪৮ ঘণ্টার নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। এর ফলস্বরূপ 'ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড' এবং 'গ্লোবাল শিল্ড' থেকে এই ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। এ ছাড়া সম্মেলনে বাংলাদেশ 'ম্যানগ্রোভ অ্যালায়েন্সে' যুক্ত হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন যে, দলটি এখন আর কোনো রাজনৈতিক দল হিসেবে নেই, বরং এটি একটি জনবিচ্ছিন্ন ‘কাল্টে’ রূপ নিয়েছে।
গণহত্যার ঘটনার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, এই পরিস্থিতিতে তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। তিনি আরও যোগ করেন, ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সবার অবস্থান অভিন্ন। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available