অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে তথ্য পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ফুটেজ থেকে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে নাক-কান-গলা (ইএনটি) বিষয়ক পাঠদান করছেন এবং পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিষয়ক তথ্য প্রদর্শিত হচ্ছে।
২৭ জুন শনিবার সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে যুক্ত আছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা–কর্মীর মতো তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের স্বনামধন্য বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর সাবেক উপাচার্য ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক লাভ করেন। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available