অনলাইন ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রস্তাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
৩১ অক্টোবর শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন’-এর বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা ও নতুন ধারণাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি রাষ্ট্রীয় নীতিনির্ধারণেও তাদের সম্পৃক্ত করার পথ সুগম করতে হবে। শিক্ষার্থীদের এমন সমস্যা চিহ্নিত করতে হবে, যার বাস্তবসম্মত ও কার্যকর সমাধান তারা নিজেরা প্রস্তাব করতে পারবে।
মাঠপর্যায়ে জরিপ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন ও নির্ভরযোগ্য গবেষণার পাশাপাশি প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুলও সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সমাধান প্রস্তাবের ক্ষেত্রে বাস্তবায়নের ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, একটি ভালো সমাধান শুধু কাগজে-কলমে আকর্ষণীয় হলেই হবে না; বাস্তবে তা কার্যকর করা সম্ভব কি না এবং কী পরিমাণ জনবল বা অর্থের প্রয়োজন হবে— তা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।
স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ বা বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ টেনে তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানে সাময়িক উদ্যোগের চেয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
প্রতিযোগিতার বিশেষ গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, এটি সাধারণ কোনো প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণ প্রক্রিয়া কাছ থেকে বোঝার একটি সুযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২৪টি দলের লিখিত প্রতিবেদন বিচারক প্যানেল মূল্যায়ন করবেন। সেখান থেকে সেরা পাঁচটি দল পাওয়ারপয়েন্ট উপস্থাপনার সুযোগ পাবে এবং চূড়ান্তভাবে বিজয়ী সেরা তিনটি দল তাদের প্রস্তাব বাস্তবায়নে সংসদ সদস্যের কার্যালয় ও শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করার সুযোগ পাবে।
তিনি বলেন, ‘আমরা পুরো দেশকে দেখাতে চাই, ঢাকা-১৩ আসনের শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তাদের হাত ধরেই দেশ পরিবর্তনের সূচনা হতে পারে।’
কর্মশালায় প্রতিযোগিতার বিচারক, আয়োজক দলের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available