ডেস্ক রিপোর্ট: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জসহ সাত জেলায় এবং ঢাকা মহানগরীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে। ফলে জেলাটিতে মোট বিজিবি সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ প্লাটুনে, যা দুই ব্যাটালিয়নের সমান।
২২ নভেম্বর রোববার বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে আগে থেকেই বিজিবি সদস্য মোতায়েন ছিলেন। এর মধ্যে গোপালগঞ্জে ২৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছিলেন।
২১ নভেম্বর শনিবার নতুন করে আরও ২৬ প্লাটুন মোতায়েনের কার্যক্রম শুরু হয়। এতে জেলায় মোট সদস্যসংখ্যা দাঁড়ায় ৫৫ প্লাটুনে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও নজরদারি অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available