ডেস্ক রিপোর্ট: চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর মতে, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
২৩ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় আড়াই হাজার কোটি টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, স্থাপিত সৌর প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে এবং বাকি ১৫০ মেগাওয়াট সরকারের কাছে বিক্রি করা হবে।
উল্লেখ্য, এর আগে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। তবে সাম্প্রতিক সময়ে তিনি জানিয়েছেন, চলতি বছরে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available