• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৩:২৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:
বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম

বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম

অনলাইন ডেস্ক: বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বিশ্বাস করে। আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।৩১ অক্টোবর শনিবার মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না।উপনির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড ঢেকে দেওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল দল; সরকারের যেকোনো ব্যর্থতা বা লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেন—এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সঙ্গে মূল পার্থক্য।প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিষ্কার ও বাসযোগ্য ঢাকা গড়ার যে প্রচেষ্টা বিএনপি গ্রহণ করেছে, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।এ সময় সিটি করপোরেশন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এটিভি/ এম এইচ আই