অনলাইন ডেস্ক: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দত্তনগর কৃষি ফার্মের উন্নয়ন প্রস্তাব বিবেচনা করবে সরকার।
তিনি বলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত প্রায় ২ হাজার ৭৩৭ একর বিস্তৃত দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
অ্যাটর্নি-জেনারেল দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব তুলে ধরেন।
এ সময় মহেশপুর ও কোটচাঁদপুরের সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী প্রস্তাবটি মনোযোগ দিয়ে শোনেন এবং কৃষিকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন-ভাবনার সঙ্গে এর সামঞ্জস্যের কথা তুলে ধরেন।
কৃষিমন্ত্রী তার সুবিধাজনক সময়ে দত্তনগর কৃষি ফার্মসহ মহেশপুর ও কোটচাঁদপুরের কৃষি অঞ্চল পরিদর্শনের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে মহেশপুর ও কোটচাঁদপুরের স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় দত্তনগর কৃষি ফার্মকে একটি আন্তর্জাতিক মানের কৃষি ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি উঠে আসে।
এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষিনির্ভর বাংলাদেশের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি তরুণদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় কৃষি ও অর্থনীতির বিকাশ ঘটবে।
তিনি আরও বলেন, মহেশপুর ও কোটচাঁদপুরের মাটি অত্যন্ত উর্বর। এ অঞ্চলে ধান, সবজি ও আমের পাশাপাশি আঙুর, ড্রাগন ফল, পেয়ারা, কলাসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে।
তবে এসব পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার ও আধুনিক সংরক্ষণব্যবস্থা না থাকায় কৃষকেরা সমস্যার মুখে পড়ছেন।
এ অবস্থায় অঞ্চলে কৃষিপণ্য, বিশেষ করে ফলমূল সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার ও হিমাগার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন অ্যাটর্নি-জেনারেল।
কৃষিমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরে অ্যাটর্নি-জেনারেল কৃষি সচিব মো. সেলিম খানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তিনি দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করার প্রস্তাব তুলে ধরেন।
কৃষি সচিব এ উদ্যোগের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং তা বাস্তবায়নে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া উভয় সাক্ষাতে কোটচাঁদপুরের বলুহর মৎস্য প্রজনন ও গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে রূপান্তরের বিষয়টিও উত্থাপন করেন অ্যাটর্নি-জেনারেল। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে সুপারিশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কৃষিপণ্য সংরক্ষণব্যবস্থা আধুনিকায়ন এবং বলুহর মৎস্য গবেষণা কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ এ অঞ্চলের কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available