• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৫:৫১ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৫

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশেরও অর্জন। দেশের মেধাবীদের উৎসাহিত ও যথাযথ মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে।

তিনি বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। এ কারণেই সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজার আশ্বাস দেন তিনি।

ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের সহযোগিতার প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী জানালে সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক—এটাই সরকারের প্রত্যাশা।

দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তন আনার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কাজের ধরন ভিন্ন হলেও সবার লক্ষ্য দেশের মানুষের শান্তি ও কল্যাণ নিশ্চিত করা। সবাইকে নিয়ে দেশের জন্য ভালো কিছু পরিবর্তন আনার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের বই উপহার দেন। এ সময় প্রতিযোগিতায় তারা যে সূরা তিলাওয়াত করে পুরস্কার অর্জন করেছেন, সেসব সূরার আয়াতও তাদের কণ্ঠে শোনেন তিনি।

উল্লেখ্য, সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের চার হাফেজ কৃতিত্ব অর্জন করেন। হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ১৫ পারা গ্রুপে প্রথম এবং হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবেতা বিনতে রমজান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলানিউজ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪





ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৫



বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯