অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। অনেকে বলছেন, পাসপোর্ট দেওয়া হচ্ছে বা অমুক দেশে ফিরছেন।
প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ নিজেরাই আইনটি করেছে। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে। ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি ‘স্বনির্ভর গ্রাম সরকার’ পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেন। ২০০৯ সালে আইনটি বাতিল করা হয়। নতুন করে এ ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন পাঁচটি সম্ভাব্য ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ বা ৬ ফেব্রুয়ারি হতে পারে। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষার পর এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপগুলোর নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান তিনি।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available