অনলাইন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্র সংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ আগস্ট রোববার বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমুদ্র হলো জনগণের বড় সম্পদ। এই সমুদ্র সংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকার সমস্যার সমাধান হবে।
এ সময় লবণ চাষিদের কল্যাণে শিগগিরই মূল্য নির্ধারণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান আরও বলেন, এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়।
এর আগে, কক্সবাজারে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন।
বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে চট্টগ্রাম ও কক্সবাজারে গেলেও এবারই প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে সফর করছেন। সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available