অনলাইন ডেস্ক: দেশজুড়ে টানা বৃষ্টিপাত ও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা স্থগিত করা হবে কি না, তা আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১২ জুলাই রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকার বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। ১১ জুলাই শনিবার থেকে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, কোথায় কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিবেচনা করেই পরীক্ষা নেওয়া বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। যেসব পরীক্ষা কোনো কারণে পিছিয়ে যাবে, সেগুলো পরবর্তী সময়ে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করতে না দেওয়াকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি বলেন, এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available