• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৫:৫৭ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

মাদক ও মানবপাচার দমনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৮ জুলাই ২০২৬ দুপুর ১২:০০:৪৯

মাদক ও মানবপাচার দমনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্থানীয় সময় ৭ জুলাই মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তান, ভিয়েতনাম এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মহসিন নকভির সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে বিদ্যমান মানবিক জটিলতা নিরসনের বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও মতবিনিময় করেন দুই দেশের মন্ত্রীরা।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লংয়ের সঙ্গে বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, কনস্যুলার সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, মানবপাচার প্রতিরোধ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে ভিয়েতনামের উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো সহযোগিতা কামনা করেন।

বৈঠকে রোজমেরি ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের দায়িত্বশীল, গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের স্বীকৃতি দেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us