অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করাই এই সম্মিলনের প্রধান লক্ষ্য। এর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গঠন, কলেজগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক পরিচালনায় স্বচ্ছতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়াতে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন, যা দেশের মোট উচ্চশিক্ষার শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available