• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:৫৬:৩২ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশের ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

১১ জুন ২০২৬ রাত ০৮:৩৮:৫১

দেশের ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের এভিয়েশন নেটওয়ার্ক শক্তিশালী করা, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সহজ করার লক্ষ্যে রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনা তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর এবং আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড গড়ে তোলা এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিকস ও যাত্রী হাবে উন্নীতকরণ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। যার মূল্য প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। হযরত শাহজালাল আর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালুর প্রস্তুতি চলছে। এই বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার জায়গা জুড়ে ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে।

তিনি বলেন, বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে এ খাতে পর্যটক আকর্ষণ ও বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে এবং বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রীসেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us