অনলাইন ডেস্ক: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
২০ মে বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়।


শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির মুখে রয়েছে বিদ্যুৎ খাত। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে খাতটি মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে তিনি সতর্ক করেন।

তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।
অংশীজনরা উল্টো বিদ্যুতের দাম কমানোর জন্য গণশুনানি আয়োজনের দাবি জানান। তারা বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় বাড়ায় শিল্প ও ব্যবসা খাতেও নেতিবাচক প্রভাব পড়বে।
এদিকে, বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available