নিজস্ব প্রতিবেদক: ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাস ও ট্রাকের ভাড়া সমন্বয়ের লক্ষ্যে বৈঠকে বসেছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পরিবহন মালিকরা। তবে দীর্ঘ আড়াই ঘণ্টার আলোচনাতেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও সিদ্ধান্ত ঝুলে আছে।
১৯ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে বৈঠক শুরু হয় এবং রাত ১০টার দিকে তা শেষ হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, দূরপাল্লা ও মহানগর—উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বিআরটিএ ও পরিবহন মালিকপক্ষ। তবে বৈঠকের কার্যবিবরণীতে কেউ স্বাক্ষর না করায় এটি চূড়ান্ত হয়নি।

সূত্রগুলো আরও জানায়, প্রস্তাব অনুযায়ী বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৩৪ পয়সা এবং মহানগরীতে ২ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬৭ পয়সা হতে পারে।
বাস মালিকদের উপস্থাপিত হিসাবে বলা হয়, একটি দূরপাল্লার বাস বছরে গড়ে ১ লাখ ৬ হাজার ৫০০ কিলোমিটার চলাচল করে। এতে প্রতি কিলোমিটারে পরিচালন ব্যয় দাঁড়ায় প্রায় ৭৫ টাকা ৭৫ পয়সা, যার মধ্যে শুধু জ্বালানি ব্যয়ই ৩৭ টাকা ১০ পয়সা। অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যোগ করে এবং গড়ে ৩৫ জন যাত্রী ধরে হিসাব করলে প্রতি কিলোমিটারে খরচ পড়ে ২ টাকা ৩৪ পয়সা। একইভাবে মহানগরীতে গড়ে ৪০ জন যাত্রী ধরে এই ব্যয় দাঁড়ায় ২ টাকা ৪৯ পয়সা।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি। আগামীকাল সকালে সুপারিশ তৈরি করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। তাতে মহানগর ও দূরপাল্লা—দুই ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ার সম্ভাবনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available