নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনে আজ ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি।
দেশে বহু বছর ধরে একতরফা সরকার, গৃহপালিত বিরোধী দল ও আংশিক নির্বাচনের কারণে জাতীয় সংসদ প্রায় অকার্যকর ছিল। তবে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের সঙ্গে দীর্ঘদিন পর প্রাণ ফিরে আসার পথ তৈরি করেছে।


এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংসদে সরকারি দল, আর বিরোধী দলে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী ও এনসিপি। সবার আশা, সংসদ সদস্যরা প্রাণবন্ত সংসদ উপহার দেবেন। জনপ্রত্যাশা পূরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নতুন মাইলফলক সৃষ্টি করবে।

জানা গেছে, প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ কারণে ২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেইটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের রিকশাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা হবে। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে শুরু হবে সংসদের কার্যক্রম।
সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে মোট সাতটি বিষয় রয়েছে। প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। এরপর সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেয়া হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।
প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংসদ এগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশসহ কিছু অর্ডিন্যান্স অনুমোদন করা হবে বলে জানা গেছে।
পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে।
সবশেষ মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় এক মাস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available