ডেস্ক রিপোর্ট: জন্মাষ্টমী উপলক্ষে দেশজুড়ে মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে উৎসব উপলক্ষে এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আগাম তথ্য সংগ্রহ ও সম্ভাব্য হুমকি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ঘিরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। শোভাযাত্রার সামনে, পেছনে ও দুই পাশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে সংরক্ষিত বাহিনী।
র্যাবের পক্ষ থেকে জনগণকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন গুজব, ভুল তথ্য, উসকানিমূলক পোস্ট, মন্তব্য, ছবি ও অন্যান্য অনলাইন কনটেন্ট শনাক্ত এবং সেগুলোর বিস্তার ঠেকাতে র্যাবের সাইবার নজরদারি কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available