নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।


ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রচার করা হবে।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুরে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন তিনি।
বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী, যা নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট এলাকা সজ্জিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available