নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার ৪০ মিনিটের দিকে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।


শপথ নিতে জাতীয় সংসদ ভবনে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে। যার মধ্যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা রয়েছেন।
নয়া যাত্রায় বাংলাদেশ। আজ শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত এমপিরা। বিএনপি’র নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই। গতকালই প্রস্তুত করা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ স্থল। এবারই প্রথম বঙ্গভবনের বাইরে শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।
সকাল ১০টায় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সংসদীয় দলের সভা হবে। এই সভায় সরকারি দলের নেতা নির্বাচন করা হবে। এর বাইরে বিরোধী দলও তাদের নেতা নির্বাচন করবে।
ইতিমধ্যে শপথস্থলে আসতে শুরু করেছেন নির্বাচিত এমপিরা। তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে মঙ্গলবার সকাল ৯টা থেকেই।
সকাল পৌনে ১০টার দিকে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে ভোলা–৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ঢাকা–৩ আসন থেকে জয়ী বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে।
সংসদের সামনের উৎসুক মানুষের ভিড় বেড়েছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরাও। মানিকমিয়া এভিনিউ দিয়ে আজ কোনো যান চলাচল করছে না। এদিকে শপথের কারণে সংসদ ভবনের আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে। আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ ও ফার্মগেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহন ধীর গতিতে চলছে অন্যান্য সড়কগুলোতেও।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available