নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডির ইউসুফ হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


আখতার আহমেদ বলেন, ‘দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আমরা আজ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরেছি। একটি আবেগঘন পরিবেশে ভোটগ্রহণ চলছে। এটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আসুন, আমরা সবাই ভোট দিই।’
ভোট শুরু হওয়ার পর কোনো অভিযোগ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। সকাল ১০টা থেকে ভোটের হারের হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।’
আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসন ছাড়া বাকি ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available