ডেস্ক রিপোর্ট: শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জিপিএ বা ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন।
১৫ অক্টোবর উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আধুনিক বিশ্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানে পারদর্শী হতে হবে।
শিক্ষকদের জাতি গঠনের কারিগর আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা শিক্ষকদের অন্যতম মূল দায়িত্ব। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও আত্ম গঠনের কোনো বিকল্প নেই। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় ত্যাগ করে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে তা দেশের কল্যাণে নিয়োজিত করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও ঝরে পড়া রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম, হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।
সভায় প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার পরিবেশ নিয়ে বিশদ আলোচনা শেষে শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available