• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩৯:২৭ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজার নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবি মোতায়েন

১৫ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫০:৫৩

দুর্গাপূজার নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবি মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলার ৩৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির আওতাধীন ২০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী ১০টি পূজামণ্ডপে ৪ প্লাটুন, ব্যাটালিয়ন সদরের কাছাকাছি ১০টি পূজামণ্ডপে ২ প্লাটুন এবং সদর দপ্তরে ২ প্লাটুন সদস্য সংরক্ষিত থাকবেন।

অন্যদিকে, ৫৯ বিজিবির আওতাধীন ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় দুটি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধেও বিশেষ নজরদারি রাখা হবে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ