• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৩:০২ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে সারোয়ার আলমগীরের গেজেট প্রকাশ

৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৯

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে সারোয়ার আলমগীরের গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৯ জুলাই বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশের পরপরই তার শপথ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করে জাতীয় সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্পিকারের কার্যালয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সারোয়ার আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন জাতীয় সংসদের সিনিয়র সচিব। এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।

রায়ের পর সারোয়ার আলমগীরের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, হাইকোর্টের রায়ে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তার নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ ও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন সারোয়ার আলমগীর। তবে ঋণখেলাপির অভিযোগ তুলে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করলে ইসি গত ১৮ জানুয়ারি তার মনোনয়ন বাতিল করে।

এরপর হাইকোর্টে রিট করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি ও ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশনা পান সারোয়ার আলমগীর। যদিও ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ তার নির্বাচনী ফলাফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেয়। পরে নিয়মিত আপিল নিষ্পত্তির পর আপিল বিভাগ দ্রুত রিটের নিষ্পত্তির নির্দেশ দিলে বিষয়টি পুনরায় হাইকোর্টে শুনানির জন্য ওঠে।

গত ২ জুলাই শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করেন। এর পরপরই নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরকে নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us