ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ ক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএলের সহযোগিতায় দ্রুত কর্মী পাঠানোর আশা করছে সংস্থাটি।
১২ নভেম্বর বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের আগে সবকিছু চূড়ান্ত করতে চাই। ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়।
বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার চূড়ান্ত বাছাইপ্রক্রিয়া শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
রাশেদুল হক জানান, বাছাইপ্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচিত হবেন।
তিনি আরও জানান, পুরো নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সেবা মাশুল নেবে না।
কর্মীদের সতর্ক করে তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তিকে অর্থ দেওয়া যাবে না। কেউ অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থান বাড়াতে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বোয়েসেল। নিয়োগের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সাধারণ শ্রমিকেরা যেন নিজেদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available