• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৩:৪৪ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, বিজ্ঞপ্তি নভেম্বরে

১৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৮

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, বিজ্ঞপ্তি নভেম্বরে

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ করেছে জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটি। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

১৪ অক্টোবর বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়।

এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ-সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। আদালতের রায় অনুযায়ী, সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করেছে কমিটি।

সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ ছাড়া কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) সভায় উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন, দক্ষতা বাড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর গঠিত এ-সংক্রান্ত কমিটি ১৪ অক্টোবর ২০২৬ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সভায় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ