• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৩:৪০ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা

১৪ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৭:২৭

দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা

অনলাইন ডেস্ক: কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন।

ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য এ কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এ সময়ে ব্যাংকটির গ্রাহকরা অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ ও কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন না।

১৪ অক্টোবর বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়নের কাজ চলবে। এ সময়ে ব্যাংকটির অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ, ডিজিটাল ব্যাংকিং, কার্ড সার্ভিসসহ সব ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

যদিও আপগ্রেডেশনের কাজে কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা না দিলে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির শাখায় স্বাভাবিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ প্রয়োজনে আগামী শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমোদন পেয়েছে এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক (বর্তমানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক)। ব্যাংক দুটির আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যাবতীয় লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ