ডেস্ক রিপোর্ট: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। ২৭ জুলাই সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিজি-৩৭৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে ছেড়ে যায়।
এ উপলক্ষে সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। সরকারের লক্ষ্য এই রুটকে লাভজনক ও টেকসই করা। তিনি জানান, উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীর যাতায়াত সহজ করতে ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও যাত্রীদের জন্য এ রুট চালু করা হয়েছে।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়ায় জাপানগামী যাত্রীদের জন্য সরাসরি আকাশপথের সুবিধা ফিরেছে।
সূত্র: ঢাকা পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available