অনলাইন ডেস্ক: হৃদ্রোগ, স্ট্রোক ও ডিমেনশিয়ার ঝুঁকি কমানোর সঙ্গে চা পানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে। তবে জার্নাল অব ইন্টারনাল মেডিসিন-এ প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, শুধু চা পান করাই নয়—চা কীভাবে তৈরি করা হচ্ছে এবং কী তাপমাত্রায় পান করা হচ্ছে, সেটিও হৃদ্যন্ত্র ও রক্তনালির স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।
চীনের ৩০ থেকে ৭৯ বছর বয়সী ৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের ওপর প্রায় নয় বছর ধরে পর্যবেক্ষণ চালিয়ে এ গবেষণা করা হয়। এ সময়ে হৃদ্যন্ত্র ও রক্তনালিসংক্রান্ত রোগের ১৪ হাজার ৮০০টির বেশি ঘটনা নথিভুক্ত করা হয়; যার মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হাত-পায়ে রক্ত সরবরাহকারী ধমনি সরু হয়ে যাওয়ার মতো সমস্যাও রয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের চা পানের ঘনত্ব, ধরন, কড়া হওয়ার মাত্রা ও তাপমাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণার ফলাফল ও হৃদ্স্বাস্থ্যে এর প্রভাব নিয়ে সিএনএন কথা বলেছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক ও বাল্টিমোরের সাবেক স্বাস্থ্য কমিশনার ডা. লিয়ানা ওয়েনের সঙ্গে।
ডা. লিয়ানা ওয়েন জানান, যারা সপ্তাহে অন্তত তিন দিন চা পান করেন, তাদের রক্তনালিসংক্রান্ত রোগের ঝুঁকি কম ঘন ঘন চা পানকারীদের তুলনায় প্রায় ১১ শতাংশ কম পাওয়া গেছে। বয়স, ধূমপান, শারীরিক পরিশ্রম, ওজন ও আগে থেকে থাকা শারীরিক সমস্যার মতো বিষয় বিবেচনায় নেওয়ার পরও এই সম্পর্ক দেখা গেছে; তবে যারা ধূমপান করেন না, নিয়মিত চা পান করেন এবং বেশি শারীরিক পরিশ্রম করেন, তাদের ঝুঁকি ছিল সবচেয়ে কম। মাঝারি মাত্রায় কড়া চা এবং গ্রিন টির তুলনায় ব্ল্যাক টির ক্ষেত্রে ঝুঁকি কম থাকার সম্পর্ক তুলনামূলকভাবে বেশি ধারাবাহিক পাওয়া গেছে।
তবে গবেষণার অন্যতম বিস্ময়কর দিক হলো, মুখ বা গলা পুড়ে যাওয়ার মতো অত্যন্ত গরম চা পানকারীদের রক্তনালিসংক্রান্ত রোগের ঝুঁকি অন্যদের তুলনায় ১৬ শতাংশ বেশি দেখা গেছে। বিপরীতে, স্বাভাবিক বা সহনীয় গরম তাপমাত্রায় চা পানকারীদের ঝুঁকি নিয়মিত চা পান না করা ব্যক্তিদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। যদিও চায়ের তাপমাত্রা ও পরিমাণ অংশগ্রহণকারীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং জীবনযাপনের অন্যান্য প্রভাবও ফলাফলে ভূমিকা রাখতে পারে।
চা কীভাবে হৃদ্যন্ত্রে উপকার করে—এ প্রসঙ্গে ডা. ওয়েন বলেন, চায়ে প্রাকৃতিকভাবে থাকা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রক্তনালির ভেতরের আবরণী কোষকে সুরক্ষা দেয় ও ধমনিকে শিথিল রাখতে সাহায্য করে। এতে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রায় সামান্য ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি মিষ্টি বা চিনিযুক্ত পানীয়ের বদলে চিনি ছাড়া চা পান করলে অতিরিক্ত চিনি গ্রহণ কমে, যা ওজন নিয়ন্ত্রণ ও বিপাকীয় স্বাস্থ্যের জন্য উপকারী।
ব্ল্যাক টি ও গ্রিন টি একই উদ্ভিদ থেকে তৈরি হলেও প্রক্রিয়াজাতকরণের পার্থক্যে এদের পলিফেনলের গঠন ও পরিমাণে ভিন্নতা আসে। নতুন গবেষণায় ব্ল্যাক টির ক্ষেত্রে ঝুঁকি কমার সম্পর্ক বেশি ধারাবাহিক দেখা গেলেও গ্রিন টির উপকারিতার ইঙ্গিতও মিলেছে।
চায়ের পরিমাণের বিষয়ে ডা. ওয়েন জানান, সপ্তাহে অন্তত এক দিন চা পানকারীদের মধ্যে দিনে আনুমানিক ছয় থেকে আট কাপ চা পানে ঝুঁকি সবচেয়ে কম দেখা গেলেও এর চেয়ে বেশি পান করলে ঝুঁকি আবার বাড়তে শুরু করে। তবে কাপের নির্দিষ্ট মাপ না থাকায় এবং স্ব-প্রতিবেদিত তথ্যের ওপর নির্ভর করায় এটিকে চা পানের আদর্শ মাত্রা হিসেবে দেখা উচিত নয় বলে সতর্ক করেছেন গবেষকেরা। সাধারণত ৮ আউন্স (প্রায় ২৩৭ মিলিলিটার) ব্ল্যাক টিতে ৩০ থেকে ৫০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে; গ্রিন টিতে সাধারণত কম থাকে, তবে প্যাকেটে ক্যাফেইনমুক্ত লেখা না থাকলে তাতে ক্যাফেইন থাকতে পারে।
পরিশেষে ডা. লিয়ানা ওয়েনের পরামর্শ, খুব গরম চা পান না করে সামান্য জুড়িয়ে সহনীয় তাপমাত্রায় পান করা উচিত, কারণ অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির ক্যানসারের ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত। যাঁদের ঘুমের সমস্যা, উদ্বেগ বা বুক ধড়ফড়ের প্রবণতা রয়েছে, তাঁদের সারাদিনের ক্যাফেইন গ্রহণের মাত্রা নিয়ে সচেতন থাকা দরকার। আর যাঁরা চা পান করেন না, তাঁদের শুধু চায়ের আশায় অভ্যাস শুরু না করে নিয়মিত ব্যায়াম, ধূমপান বর্জন, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং পুষ্টিকর খাবারের মতো প্রমাণিত অভ্যাসে জোর দেওয়া উচিত।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available