• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৫০:১১ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

বর্ষাকালে ফ্রিজে খাবার সংরক্ষণে অসতর্কতা বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

৮ জুলাই ২০২৬ সকাল ১১:৩৮:০৩

বর্ষাকালে ফ্রিজে খাবার সংরক্ষণে অসতর্কতা বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

অনলাইন ডেস্ক: বর্ষাকালে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিদিন বাজার করা অনেক সময় সম্ভব হয় না। তাই অনেকেই একসঙ্গে বেশি বাজার করে ফ্রিজে সংরক্ষণ করেন বা কয়েক দিনের খাবার একবারে রান্না করে রেখে দেন। তবে খাবার সংরক্ষণের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষার অতিরিক্ত আর্দ্রতা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে ফ্রিজে রাখা খাবারও দ্রুত নষ্ট হতে পারে। এর ফলে ফুড পয়জনিং, ডায়রিয়াসহ বিভিন্ন খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়ে। তাই বর্ষাকালে ফ্রিজ ব্যবহারে কিছু বিষয় বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ভেজা ফল ও সবজি ফ্রিজে রাখবেন না

ফল, শাকসবজি বা অন্যান্য সবজি ধোয়ার পর ভেজা অবস্থায় ফ্রিজে রাখা উচিত নয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে এগুলোতে দ্রুত ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সংরক্ষণের আগে ভালোভাবে পানি ঝরিয়ে বা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া নিরাপদ।

রান্না করা খাবার দীর্ঘদিন সংরক্ষণ করবেন না

অনেকেই কয়েক দিনের খাবার একসঙ্গে রান্না করে ফ্রিজে রাখেন। তবে রান্না করা খাবার দীর্ঘ সময় সংরক্ষণ করলে জীবাণু বৃদ্ধির ঝুঁকি বেড়ে যায়। নিরাপদ রাখতে ফ্রিজের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা এবং রান্না করা খাবার ২ থেকে ৩ দিনের মধ্যে খেয়ে ফেলা ভালো।

ড্রেন বা পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখুন

ফ্রিজের অতিরিক্ত আর্দ্রতা বের হওয়ার জন্য থাকা ড্রেন বা নিষ্কাশন ছিদ্র বন্ধ হয়ে গেলে ভেতরে পানি জমে যেতে পারে। এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত বিস্তার লাভ করে। তাই নিয়মিত এই অংশ পরিষ্কার আছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন।

দরজার রাবার সিল নিয়মিত পরিষ্কার করুন

ফ্রিজের দরজার রাবার সিলে ধুলাবালি, খাবারের কণা ও আর্দ্রতা জমে থাকলে সেখানে ছত্রাক জন্মাতে পারে। এতে দুর্গন্ধের পাশাপাশি খাবার দূষিত হওয়ার আশঙ্কাও থাকে। তাই নরম কাপড় দিয়ে নিয়মিত রাবার সিল পরিষ্কার ও শুকনো রাখা উচিত।

ফ্রিজ অতিরিক্ত ভর্তি করবেন না

ফ্রিজে অতিরিক্ত খাবার রাখলে ঠান্ডা বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে না। ফলে সব খাবার সমানভাবে ঠান্ডা না থাকায় কিছু খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই খাবার এমনভাবে সাজিয়ে রাখুন, যাতে ভেতরে বাতাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।

বর্ষাকালে খাবার নিরাপদ রাখতে শুধু ফ্রিজে সংরক্ষণ করাই যথেষ্ট নয়। সঠিক তাপমাত্রা বজায় রাখা, নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংরক্ষিত খাবার খেয়ে ফেলার অভ্যাস খাদ্যবাহিত রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us