ডেস্ক রিপোর্ট: মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এ বরাদ্দের কথা জানানো হয়। বরাদ্দের অর্থ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে ছাড় করা হবে।
আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদানের জন্য বরাদ্দ করা ১৮ কোটি টাকা থেকে এ অর্থ ব্যয় করা হবে।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করবে। এ জন্য প্রয়োজনীয় অথরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠাতে প্রধান হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দ করা অর্থ শুধু মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সৎকার, দাফন এবং পরিবহনের কাজে ব্যয় করা যাবে। অন্য কোনো খাতে এ অর্থ ব্যবহার করা যাবে না।
অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
এ ছাড়া ২০২৭ সালের ৩০ জুনের পর বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
মন্ত্রণালয়ের আদেশে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available