কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যামামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (৩০) মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত।
এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।


১৩ এপ্রিল সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন।

এসময় দণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ রহমান পলাশ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ রংপুর নগরীর বাহারকাছনা তেলীপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এএসএম মাহামুদুল করিম লিটন জানান, মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদেরযুক্তি-তর্ক শেষে আজ সোমবার এই রায় দেওয়া হয়।
তিনি জানান, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে হারাগাছ থানাধীন রংপুর সিটি করপোরেশনের সিগারেট কোম্পানি মোড় এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে এএসআই পিয়ারুল। এ সময় মাদকসেবী পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারুল মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করে পুলিশ। সরকারি কৌঁসুলি এএসএম মাহামুদুল করিম লিটন ন্যায় বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
নিহত পিয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি স্ত্রীসহ দুই শিশু রেখে গেছেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ রায়ে আসামি পক্ষ সন্তুষ্ট নয়। ন্যায় বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available