• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সকাল ১০:২৮:৪৭ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:৪০

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আবু সাঈদ ২০২৪ সালের ১৬ জুলাই আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় নিহত হন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ঘটনার দিন পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। তার মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়।

Ad
Ad

মামলাটির যুক্তিতর্কের শুনানি গত ২৭ জানুয়ারি শেষ হয়। এরপর ৫ মার্চ ট্রাইব্যুনাল রায়ের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করে।

Ad

এ মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন—বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

এছাড়া সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক রয়েছেন। আইনের বিধান অনুযায়ী, পলাতকদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

তদন্ত শেষে গত বছরের ৩০ জুন অভিযোগপত্র আমলে নেয় ট্রাইব্যুনাল। ২৮ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক, বিশেষজ্ঞ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। এছাড়া আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহও সাক্ষ্য দেন।

গত ২০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হলে যুক্তিতর্ক শুরু হয়। প্রসিকিউশন পক্ষ অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করে। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে খালাস চায়। প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ মিজানুল ইসলামসহ অন্যরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও আবুল হাসান।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বেরোবির পার্ক মোড়ে পুলিশের গুলিতে আহত হওয়ার পর আবু সাঈদকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মালয়েশিয়ায় ধরা পড়লেন ৭৯ বাংলাদেশি
মালয়েশিয়ায় ধরা পড়লেন ৭৯ বাংলাদেশি
৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৯:৪৫




সৌদি আরবের তেল পাইপলাইনে ইরানের হামলা
সৌদি আরবের তেল পাইপলাইনে ইরানের হামলা
৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫২:৪০


Follow Us