আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মেরিন কোর এয়ার স্টেশন (এমসিএএস) মিরামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করে বিমান থেকে বের হয়ে আসেন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়। মার্কিন মেরিন কোর জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অধীনে পরিচালিত হচ্ছিল।
মেরিন কোরের ফার্স্ট লেফটেন্যান্ট ব্লেক স্টারবাক জানান, ঘটনাটি একটি ‘ক্লাস এ’ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার ভাষ্য, পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বিমানটি ঘাঁটির উড্ডয়ন এলাকার ভেতরে বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে। সান দিয়েগো ফায়ার-রেসকিউ বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল কি না, অথবা উড্ডয়নের পর নাকি অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে—এ বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় অন্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত যুদ্ধবিমানটি একটি খোলা মাঠে দুই টুকরো হয়ে পড়ে আছে। আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুনে পুড়ে গেছে ঝোপঝাড়। দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পুরো এলাকা বর্তমানে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলমান।
সূত্র: রয়টার্স, এবিসি নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available