আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়াসহ একাধিক অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল।
৯ সেপ্টেম্বর বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার পদত্যাগপত্র দেখার কথা উল্লেখ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে অবৈতনিক প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মার বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ নিয়ে তদন্ত চলছিল। ডব্লিউএইচওর পক্ষ থেকেও তার বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। তার আইনজীবীদের দেওয়া চিঠি অনুযায়ী, চীন সফরের ৯০১ ডলারের ব্যয়ের বিষয়টি ছিল একজন সহকারীর প্রশাসনিক ভুল। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি দাবি করেছেন, তার ডক্টরেটটি সম্মানসূচক এবং এ বিষয়ে ডব্লিউএইচওর মহাপরিচালককে আগেই অবহিত করা হয়েছিল।
জমি অধিগ্রহণের অভিযোগও অস্বীকার করেছেন সায়মা। পদত্যাগপত্রে তিনি বলেছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের একটি আইনের আওতায় ওই জমির অধিকার তার ছিল।
পদত্যাগপত্রে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানান সায়মা। তিনি বলেন, দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে তিনি সংস্থাটির নেতৃত্বের ওপর বিশ্বাস হারিয়েছেন। পাশাপাশি অবৈতনিক ছুটিতে থাকার কারণে প্রায় এক বছর পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন।
এদিকে, ডব্লিউএইচওর পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। সংস্থাটি আগে জানিয়েছিল, বিষয়টি গোপনীয় হওয়ায় তারা এ নিয়ে বিস্তারিত মন্তব্য করবে না।
রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রক্রিয়াও চলছিল। আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালকের জন্য মনোনয়ন ঘোষণা, ডিসেম্বরে প্রার্থীদের যাচাই-বাছাই এবং আগামী ২৪ জানুয়ারি নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available