আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এরই মধ্যে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে দলটি। এ কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ইসলামাবাদ।
২৫ সেপ্টেম্বর শুক্রবার পিটিআই নেতারা আলোচনা করেন, আগামী রোববার থেকেই পদযাত্রা শুরু করা হবে কি না। দলের একাংশ রোববার থেকে ধীরে ধীরে ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। অন্য অংশ কর্মসূচি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা বলেছে।
ইমরান খান ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। কারাগারে তার সঙ্গে আচরণ এবং চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পিটিআই। দলটির দাবি, ইমরান খানের কারাবন্দিত্বের পরিস্থিতির উন্নতি এবং তার মামলাগুলোতে ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত করতে হবে।
পিটিআইয়ের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, ইমরান খানের কারাগারের পরিস্থিতির উন্নতি ও তার মামলাগুলোতে ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সরকার উল্লেখযোগ্য ছাড় না দিলে তারা পদযাত্রা করবেন।
সরকার ইসলামাবাদ অবরুদ্ধ করে রেখেছে এবং পিটিআই নেতাদের আটক করছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, বিক্ষোভ ঠেকাতে খাইবার পাখতুনখাওয়ায়ও বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পেশোয়ারের সঙ্গে ইসলামাবাদের সংযোগকারী প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদে জনসমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।
রাজধানীজুড়ে প্রায় ২২ হাজার পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সড়ক বন্ধ করতে এক হাজারের বেশি কনটেইনার বসানো হয়েছে। কয়েকটি কনটেইনারে নিরাপত্তার জন্য ধারালো স্পাইকও লাগানো হয়েছে। বিভিন্ন সেতুতে রাখা হয়েছে বালুর বস্তা। গুরুত্বপূর্ণ একটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।
এরই মধ্যে পিটিআইয়ের কয়েক ডজন নেতা ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। গত সোমবার ইমরান খানের তিন বোনকেও আটক করা হয়। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে।
পিটিআইয়ের দাবি, ইমরান খানকে একাকী রাখা হয়েছে এবং কয়েক মাস ধরে তার চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করা হয়েছে। তবে ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক বিরোধের কারণে তাকে কারাগারে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিটিআইয়ের বিক্ষোভ বড় আকার নিলে তা সরকার ও সামরিক বাহিনীর জন্য রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অর্থনীতি, নিরাপত্তা পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের অসন্তোষের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available