আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শাসনব্যবস্থা উৎখাতে দেশটির সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি এ অবস্থান জানান।
২১ অক্টোবর বুধবার দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এ নির্দেশের কথা জানান। খবর রয়টার্সের।
নেতানিয়াহুর অভিযোগ, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর বাবা আলি খামেনির পথ অনুসরণ করছেন এবং দেশটি আবারও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এই হুমকি স্থায়ীভাবে দূর করতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। তার দাবি, ইরানের শাসনব্যবস্থা উৎখাতের বিষয়ে ট্রাম্পও তাঁর সঙ্গে একমত। এ ছাড়া হামাস ও হিজবুল্লাহর মতো ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে নির্মূল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে হামলার পরিকল্পনা করছে। ইরান ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আগের সামরিক অভিযানের সাফল্যের কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। তবে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available