আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যে কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরোধের চেষ্টা করা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়া। জবাবে রাশিয়াকে পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলে নিজেদের অস্ত্রভাণ্ডার ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে ন্যাটোকে সতর্ক করেছে মস্কো। এ বিষয়ে ন্যাটোর সদস্য দেশগুলোর কাছে একটি কূটনৈতিক নথি পাঠিয়েছে রাশিয়া।
৩০ সেপ্টেম্বর বুধবার পাঠানো ওই নথিতে রাশিয়া দাবি করেছে, কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। তবে ন্যাটোর পক্ষ থেকে এমন কোনো পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং রাশিয়ার উচিত পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করা। রুশ নথিটিকে ‘কোনো কাজে আসবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
তবে রাশিয়ার হুঁশিয়ারিকে সরাসরি সংঘাতের আশঙ্কার সঙ্গে এক করে দেখেননি রুটে। তাঁর ভাষ্য, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে জয়ী হতে পারবেন না, তা তিনি জানেন।
বাল্টিক সাগরের তীরে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল। সেখানে রাশিয়ার বাল্টিক নৌবহরের ঘাঁটি রয়েছে। এ ছাড়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও সেখানে মোতায়েন রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাশিয়া ও ন্যাটোর পাল্টাপাল্টি হুঁশিয়ারি এমন সময়ে এলো, যখন ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে এবং এর প্রভাব ও নিরাপত্তা উদ্বেগ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আকাশসীমায় কথিত অনুপ্রবেশের ঘটনার পর পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে ডেনমার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহ আগে বাল্টিক সাগরের ওপর দেশটির একটি সামরিক হেলিকপ্টারের কাছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে দুটি ফ্লেয়ার ছোড়া হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available