• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৬:৪৩ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

১ অক্টোবর ২০২৬ সকাল ১০:২১:৩১

বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি উড়োজাহাজ চালানোও ছিল তার পেশা ও ভালোবাসার অংশ। জীবনের নানা সময়ে অভিনয়, সমুদ্রযাত্রা ও আকাশপথ তিন জগতেই বিচরণ করেছেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। তবে শেষ পর্যন্ত আকাশেই থেমে গেল তার জীবনযাত্রা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেসপেরিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা ও উড়োজাহাজ প্রশিক্ষক। গত ২৪ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ৩৩ বছর বয়সী যাত্রী টেলর লাসকাও নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হেসপেরিয়ার সামিট ভ্যালি ও টেলিফোন ক্যানিয়ন সড়কের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা উড়োজাহাজটিকে সামনের অংশ নিচের দিকে থাকা অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় থাকা দুজনই গুরুতর আঘাতে মারা যান।

কাপুলনিক অভিনয়জগতে পরিচিত মুখ ছিলেন। ‘রুম ৫১৪’, ‘হ্যাকড’, ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ এবং ‘লেবানন’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ের বাইরেও তার জীবন ছিল বেশ বৈচিত্র্যময়। বিনোদনজগতে আসার আগে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অনুসন্ধান ও উদ্ধার ইউনিটে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে হাইফার টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং জেরুজালেমের নিশান নাতিভ অভিনয় শিক্ষাকেন্দ্রে প্রশিক্ষণ নেন।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি উড়োজাহাজ চালানোর প্রশিক্ষক হিসেবেও কাজ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাঁকে বেসামরিক বিমান পরিবহন পাইলটের প্রশিক্ষণ সম্পন্ন করার সনদ হাতে দেখা যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাই ছিলেন কৌতূহলী, কর্মচঞ্চল ও দুঃসাহসিক প্রকৃতির মানুষ। জীবনে বারবার নতুন পথ বেছে নিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি অজ্ঞাত পরিস্থিতিতে বিধ্বস্ত হয়। কাপুলনিক স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

সূত্র: ডেইলি প্রেস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০০