আন্তর্জাতিক ডেস্ক: ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে—ইসরায়েলের এমন অভিযোগকে যুক্তরাষ্ট্রকে নতুন করে যুদ্ধে জড়ানোর কৌশল হিসেবে দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর অভিযোগ, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে জড়াতে চায়।
২৫ নভেম্বর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি এসব কথা বলেন।
তিনি লিখেছেন, ‘এই যুদ্ধবাজ নির্লজ্জভাবে ইরানের বিরুদ্ধে... ওষুধ কারখানায় এ ধরনের জঘন্য অস্ত্র তৈরি ও লুকিয়ে রাখার অভিযোগ তুলছে। এর উদ্দেশ্য অত্যন্ত দুঃসাহসিক, যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে নিজেদের পক্ষ হয়ে আরও একটি যুদ্ধে নামানো।’ খবর এএফপির।
ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, তেহরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইরানকে এ ধরনের অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকারও করেন তিনি।
টেলিগ্রামে নিজের দল লিকুদ পার্টির প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেন, ‘ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে, তবে তা দিয়ে ইসরায়েলে আক্রমণ করার সক্ষমতা এখনো অর্জন করেনি। আমাদের এটি কোনোভাবেই এগোতে দেওয়া উচিত নয়।’
তবে ইসরায়েলের রাজনীতিতে এ অভিযোগ নিয়ে ভিন্নমতও সামনে এসেছে। দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকটের ঘনিষ্ঠ মিত্র আভিগদর লিবারম্যান বুধবার বলেছেন, এই মুহূর্তে ইরানে হামলা চালানোর কোনো প্রয়োজন নেই। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
লিবারম্যানের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মধ্যে ক্ষমতার লোভ কাজ করছে, যা তাঁদের ‘বিকারগ্রস্ত’ করে তুলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান লিখেছেন, ‘ইরানের হাতে রাসায়নিক অস্ত্র থাকার বিষয়ক বিবৃতিগুলো গুরুতর, তবে গোয়েন্দা এবং সামরিক অভিযানের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে ইসরায়েলের এককভাবে আক্রমণ চালানোর কোনো যৌক্তিকতা নেই।’
অন্যদিকে, ইরান ইসরায়েলের রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। এর আগে গত সপ্তাহে আব্বাস আরাঘচি ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে ওঠা অভিযোগকে ‘আবর্জনা’ বলে অভিহিত করেছিলেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available