আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মদিন উদ্যাপন করছেন ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে।
১৪ জুন রোববার হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হচ্ছে ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামে বিশেষ একটি মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিযোগিতা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)-এর ১৪ জন তারকা যোদ্ধা অংশ নিচ্ছেন। তারা অস্থায়ীভাবে নির্মিত ‘দ্য ক্ল’ নামের বিশাল এরিনায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রায় ৬ কোটি মার্কিন ডলার ব্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে একই দিনে ট্রাম্পের জন্মদিন হওয়ায় অনেক পর্যবেক্ষকের মতে, আয়োজনটি তার ব্যক্তিগত উদ্যাপনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক স্থানে এমন প্রতিযোগিতা আয়োজন নিয়ে সমালোচনাও দেখা দিয়েছে। সমালোচকদের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে এ ধরনের ব্যয়বহুল আয়োজন প্রশ্নের জন্ম দিয়েছে।
অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতির মধ্যেই এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। যদিও এ বিষয়ে তেহরান আনুষ্ঠানিকভাবে সংশয় প্রকাশ করেছে।
ইউএফসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা ট্রাম্প এ আয়োজনকে একটি জাতীয় উদ্যাপন হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি ওভাল অফিসে কয়েকজন ইউএফসি যোদ্ধার সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, এটি এমন একটি অনুষ্ঠান হবে যা দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
হোয়াইট হাউস জানিয়েছে, পুরো আয়োজনের ব্যয়ভার বহন করছে ইউএফসি। তবে ক্রীড়া ও রাজনীতির মিশ্রণ নিয়ে ওঠা সমালোচনা প্রত্যাখ্যান করেছেন সংস্থাটির প্রধান কনটেন্ট কর্মকর্তা ক্রেগ বোরসারি। তার ভাষ্য, এটি দেশ এবং ক্রীড়াবিদদের উদ্যাপনের একটি অনন্য সুযোগ।
প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে নাটকীয়তা বাড়াতে কয়েকজন শীর্ষ যোদ্ধা ওভাল অফিস থেকে সাউথ লন পর্যন্ত বিশেষ শোভাযাত্রায় অংশ নেবেন। মূল লড়াইগুলো অনুষ্ঠিত হবে ইউএফসির পরিচিত ‘অক্টাগন’-এ। দর্শকদের জন্য সেখানে চার হাজারের বেশি আসনের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে সামরিক ব্যান্ডের পরিবেশনা, যুদ্ধবিমানের ফ্লাইওভার, প্যারাশুট প্রদর্শনী, ঐতিহাসিক উপস্থাপনা এবং আতশবাজির আয়োজনও রাখা হয়েছে।
এদিকে আয়োজন বন্ধের দাবিতে দুই স্থানীয় বাসিন্দার করা আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছেন এক ফেডারেল বিচারক। তাদের অভিযোগ ছিল, অনুষ্ঠানটি স্বার্থের সংঘাত ও দুর্নীতির প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট।
বিশ্লেষকদের মতে, এই আয়োজন ট্রাম্পের রাজনৈতিক ও জনসম্পৃক্ততার স্বতন্ত্র শৈলীরই প্রতিফলন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available