• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৮:১৩ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাজ্য-ফ্রান্সের ভেটোতে আটকে গেল মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতা

২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩০

যুক্তরাজ্য-ফ্রান্সের ভেটোতে আটকে গেল মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহর প্রার্থিতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরোধিতা। সুদানের সংঘাতে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে তার প্রার্থিতা নিয়ে আপত্তি তুলেছে দেশ দুটি বলে ধারণা করা হচ্ছে।

২০ নভেম্বর শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থী চূড়ান্তভাবে এগিয়ে যেতে পারেননি। ফলে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচন নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তার দ্বিতীয় মেয়াদ শেষ হবে। এ অবস্থায় আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি ১০টি সমর্থনসূচক ভোট পেলেও নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে দুটি দেশের বিরোধিতার মুখে পড়েছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া তার প্রার্থিতার বিপক্ষে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

গ্রিনস্প্যান এই বাধা কাটিয়ে উঠতে পারলে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হওয়ার সুযোগ পাবেন।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি সমর্থনসূচক ভোট পেলেও স্থায়ী সদস্যদের কাছ থেকে তিনটি বিরোধিতার ভোট পেয়েছেন।

অন্যদিকে, শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় আসা আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি দেশ তার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রকাশ্য সমর্থন এবং বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তার প্রার্থিতার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে মহাসচিব হওয়ার দৌড়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

আরও পড়ুন

পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল রাজধানী লিমাও

জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করে নিরাপত্তা পরিষদ। এ ক্ষেত্রে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের প্রভাব সবচেয়ে বেশি। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে কোনো প্রার্থীকে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট পেতে হয়। তবে পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ বিরোধিতা করলে তার নির্বাচিত হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

ভোটের ক্ষেত্রে অস্থায়ী সদস্যরা সাদা ব্যালট এবং স্থায়ী সদস্যরা লাল ব্যালট ব্যবহার করেন। ভোটের বিস্তারিত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্রের মাধ্যমে ভোটের হিসাব জানা যায়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫




ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
২১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:১৮