আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় অগ্নিনির্বাপক একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় ৭ আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের কাছে থ্রি ক্রিকস রিজার্ভয়ার এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি ছিল সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ মডেলের একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের বন বিভাগের চুক্তির আওতায় হেলিকপ্টারটি পরিচালনা করছিল হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস। দুর্ঘটনাস্থলটি উইডমাউথ-২ দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) শনিবার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই আরোহী গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এনআইএফসি জানায়, আগুনের ভয়াবহতা ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। শনিবার ধ্বংসাবশেষের কাছে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
দাবানলের কারণে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার পর্যন্ত দাবানলটির মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের আচরণ এখনো অত্যন্ত ভয়াবহ। আগুনের শিখা গাছের মাথা পর্যন্ত উঠে যাওয়া এবং দীর্ঘ দূরত্বে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় আশপাশের জনবসতিগুলো হুমকির মুখে রয়েছে।
চলতি গ্রীষ্মে ইউটাহতে দাবানল মোকাবিলায় এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে জুনে কলোরাডো-ইউটাহ সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় তিনজন অগ্নিনির্বাপণকর্মী নিহত হন। পরে ওই ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available